ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের স্মৃতির উদ্দেশে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে এবং তারপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।


রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। অন্য দিকে, প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।


এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর মিয়া মোহাম্মদ নাঈম রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, তিন বাহিনীর প্রধান, চিফ হুইপের পক্ষে তার সহকারী সার্জেন্ট অব আর্মস, জাতীয় পার্টি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের পক্ষে তাদের প্যানেল মেয়র শ্রদ্ধা জানান।


পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার্স ফোরাম, অ্যাটর্নি জেনারেল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে ১৪ দল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আইজিপি ড. বেনজির আহমেদ, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।


জনসাধারণের জন্য রাত সাড়ে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই একে একে শ্রদ্ধা জানাতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

ads
ads
ads

Our Facebook Page

↑